ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের শিল্পকারখানাগুলোতে ধীরে ধীরে উৎপাদনের গতি ফিরছে। সাম্প্রতিক গ্যাস সংকটে তৈরি হওয়া উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে অনেক কারখানা অতিরিক্ত কর্মঘণ্টা ও ছুটির দিনেও উৎপাদন চালিয়ে যাচ্ছে।
শিল্পোদ্যোক্তারা জানান, গ্যাসের সরবরাহ ও চাপ আগের তুলনায় উন্নত হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। ফলে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে সংকটের সময়ে তৈরি হওয়া ঘাটতি কাটিয়ে উঠতে অনেক কারখানায় নিয়মিত সময়ের বাইরে অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে।
রেজা গ্রুপের চেয়ারম্যান শহীদ রেজা শিমুল বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদন পরিস্থিতিও ধীরে ধীরে ভালো হচ্ছে। উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে তাদের কারখানায় প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা অতিরিক্ত কাজ এবং সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চালানো হচ্ছে।
তিনি জানান, গ্যাসের চাপ কম থাকায় আগে উৎপাদন সচল রাখতে জেনারেটর ব্যবহার করতে হয়েছে। এতে অতিরিক্ত জ্বালানি ব্যয় ও পরিচালন চাপ তৈরি হয়েছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় এখন সেই চাপ কমে আসছে।
দেশ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক ও বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, গ্যাসের চাপ ভালো থাকায় বর্তমানে শিল্পের উৎপাদন পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।
সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তাদের আশা, গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিল্পকারখানায় উৎপাদন আরও বাড়বে এবং সাম্প্রতিক সংকটে তৈরি হওয়া ঘাটতিও ধীরে ধীরে পুষিয়ে নেওয়া সম্ভব হবে।