📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

বাণিজ্য

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সাশ্রয়ী দামে সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ উপলক্ষে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। এর ফলে গত বছরের তুলনায় আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

গত রমজানে সারা দেশে ৪৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করেছিল টিসিবি। এবার ট্রাকের সংখ্যা ৭০টি বাড়িয়ে ৫২০টিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে রমজানে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবি চেয়ারম্যান আরও জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রমজানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

রমজান সামনে রেখে বড় আমদানি পরিকল্পনা

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ সময় ভোজ্যতেলের জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি।

চিনি আমদানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময় চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলার আমদানিও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে দেশে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময় ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার টনে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে