বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
নগরীর টাউন হল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোভাযাত্রাটির উদ্বোধন করেন।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রভাব ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।